মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় প্রয়াত ডা. মমতাজুল ইসলামের সহধর্মিণী মনোয়ারা বেগমের ইন্তেকাল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের হিরিভিটা গ্রামের স্বনামধন্য পল্লী চিকিৎসক প্রয়াত ডা. মমতাজুল ইসলাম তালুকদারের সহধর্মিণী মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মরহুমা মনোয়ারা বেগম উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ ও কৃষিবিদ ইঞ্জিঃ মিজবাহুজ্জামান চন্দনের মা এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম শহীদুল্লাহ্ ইমরানের চাচি।

মরহুমার জানাজার নামাজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে হিরিভিটা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, সদস্য সচিব এএসএম শহীদুল্লাহ ইমরান, সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান মাসুম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত