পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং অপুষ্টি থেকে শিশুদের মুক্ত করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পূর্বধলা জগংমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পূর্বধলা এরিয়া প্রোগ্রাম।
এতে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার, শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও এবং শিশু ও যুব প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নান্দাইল এপিসিও ও সিনিয়র ম্যানেজার কাজল আলফন্স দ্রং।
বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর ছিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন প্রমুখ।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও এবং শিশু ফোরাম ও যুব ফোরামের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় শিশুশ্রম বন্ধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং শিশুদের অপুষ্টি দূর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শিশুদের শিক্ষার সঙ্গে যুক্ত রাখা, তাদের পুষ্টি নিশ্চিত করা এবং শিশুশ্রমের ঝুঁকি থেকে রক্ষায় পরিবার ও সমাজের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে এ বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মো. মবিন উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার তাপসী রংমা।
সভায় অংশগ্রহণকারীরা শিশুশ্রম বন্ধ, ঝরে পড়া রোধ ও শিশুদের পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে পূর্বধলাকে শিশুদের জন্য আরও নিরাপদ ও সহায়ক উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শফিকুল ইসলাম বলেন, শিশুশ্রম বিদ্যালয় থেকে ঝড়ে পড়া, অপুষ্ট মুক্ত উপজেলা গড়ে তোলার লক্ষ্য উপজেলা প্রশাসনকে থেকে সর্বাত্তক সহযোগিতা করা হবে। এক্ষেত্রে আর্থিক সহায়তা সহ উপজেলা প্রশাসক পাশে থাকবে।







