বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, লুট মূল্যবান মালামাল
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ দুপুর

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহসিনুর রহমান মুর্শেদের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার বহরা ইউনিয়নের উত্তর শিক গ্রামের বাড়িতে এ চুরি সংঘটিত হয়। জানা গেছে, চোরেরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, আইপিএস, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে পরিকল্পিতভাবে এ চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহসিনুর রহমান মুর্শেদ পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তার ছোট ভাই মিশু পোল্যান্ডের নাগরিক। ফলে বাড়িটি অনেকটা সময়ই ফাঁকা থাকে। চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে চুরি যাওয়া মালামাল ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।







