বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

বৃত্তিতে মেয়েদের বাজিমাত


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১৩ আগস্ট ২০২৬, ১০:৪৬ দুপুর

 প্রাথমিক বৃত্তির ফলাফলে ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে ১০ শিক্ষার্থী—আর চমকপ্রদ বিষয় হলো, বৃত্তিপ্রাপ্ত ১০ জনই ছাত্রী।
 
১৯৪০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি থেকে এবার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৮ জন এবং সাধারণ গ্রেডে পেয়েছে ২ জন। অর্থাৎ বৃত্তির পুরো তালিকাতেই রয়েছে মেয়েদের নাম।
 
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো—মোছা. তারিন আক্তার, মোছা. সুরাইয়া আক্তার, রাদিয়াতুল জান্নাত অয়ন, শ্রাবন্তী কাপালী, তাশফিয়া তাসনিম তাশফী, রাদিয়া সাবিকুন্নাহার, মোছা. মাশরিকা খাতুন ও নিহা বেগম।
 
সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে অদিতি দে ও মোছা. তিশা আক্তার।
বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের হাওয়া। বিশেষ করে একটি বিদ্যালয় থেকে ১০ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন এবং তাদের সবাই ছাত্রী হওয়ায় বিষয়টি সবার নজর কেড়েছে।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান আক্তার বলেন, “১০ জন শিক্ষার্থীর সবাই মেয়ে এবং সবাই বৃত্তি পেয়েছে—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য এসেছে। আমরা চাই, আমাদের মেয়েরা ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা অব্যাহত রাখুক।”
 
সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন, “একটি বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর সবাই বৃত্তি পেয়েছে এবং তাদের সবাই ছাত্রী—এটি সত্যিই প্রশংসনীয় অর্জন। ট্যালেন্টপুলে ৮ জনের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এ অর্জন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মেধা বিকাশের একটি ইতিবাচক দৃষ্টান্ত।”
 
বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকরা মনে করছেন, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের এ সাফল্য শুধু বিদ্যালয়ের গর্ব নয়, এলাকার অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।
এম এ বাছির রাজা 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত