পূর্বধলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০১:২৯ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় সরকার পতন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম (২৪), জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন (৫০), বৈরাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম মুন্তাসির বিল্লাহ আপন (১৯), উপজেলা আওয়ামী লীগের কর্মী আসাদুজ্জামান রতন (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার খায়রুল ইসলাম ও মো. নূরুল আমিনের বিরুদ্ধে পূর্বধলা থানার ১০ নভেম্বর দায়ের করা একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। এ ছাড়া মুন্তাসির বিল্লাহ আপনকে ২২ আগস্ট দায়ের করা একটি মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় এবং আসাদুজ্জামান রতনকে ৫ আগস্ট দায়ের করা অপর একটি মামলায় একই আইনের একই ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার চারজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







