মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২
শিরোনাম

ময়মনসিংহে দেশের প্রথম ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন-সেনা প্রধান ওয়াকার-উজ-জামান


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ দুপুর

বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হলো ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে।
১ ফেব্রুয়ারি-২০২৬ ইং তারিখ রোজ রোববার দুপুরে দেশের প্রথম আধুনিক ও আন্তর্জাতিক মানের ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।
 
প্রস্তাবিত এই অলিম্পিক ভিলেজটি বাস্তবায়িত হলে এটি দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, এই প্রকল্পটি কেবল ইট-পাথরের কোনো স্থাপনা নয়। এটি আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরির একটি আঁতুড়ঘর। আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এখান থেকে গড়ে ওঠা খেলোয়াড়রা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।
 
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালে প্রায় ১৭৩ একর জমির ওপর এই বিশাল ‘অলিম্পিক ভিলেজ কমপ্লেক্স’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনের জন্য আলাদা অনুশীলন সুবিধা এবং খেলোয়াড়দের জন্য বিশ্বমানের আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে।
 
ত্রিশালে যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
 
সভায় ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অসামরিক প্রশাসনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সেনাপ্রধান সেনাসদস্যদের চার দফা মূলনীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন। তিনি বলেন, পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য এই চারটি নীতিই আমাদের দায়িত্ব পালনের মূল ভিত্তি। জনসাধারণের আস্থা অর্জনই সেনাবাহিনীর সবচেয়ে বড় সাফল্য।
তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতিতে সেনাসদস্যদের নাগরিক বান্ধব আচরণ নিশ্চিত করতে হবে এবং সব রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।
 
মতবিনিময় সভা শেষে সেনাপ্রধান ময়মনসিংহে মোতায়েনকৃত সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম স্বশরীরে পরিদর্শন করেন। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপগুলোর খোঁজ-খবর নেন এবং দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় কৌশলগত দিক নির্দেশনা প্রদান করেন।
 
সেনা প্রধানের এই সফর দেশের ক্রীড়া উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার নিরাপত্তায় সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। ত্রিশালের অলিম্পিক ভিলেজ প্রকল্প বাস্তবায়িত হলে তা বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত