সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান, ২১৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ জুন ২০২৬, ০৬:১০ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২১৫ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ৭৪ জন গ্রাহক নগদ ও বিকাশের মাধ্যমে ৩ লাখ ২০ হাজার ৮৭১ টাকা বকেয়া বিল পরিশোধ করেছেন।

সোমবার (১৫ জুন) উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বকেয়া বিদ্যুৎ বিল আদায় এবং অনাদায়ী গ্রাহকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পূর্বধলা জোনাল অফিসের আওতাধীন ঘাগড়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় গ্রাহকদের বকেয়া বিল পরিশোধে উদ্বুদ্ধ করা হয়। তবে বিল পরিশোধ না করায় ২১৫ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব গ্রাহকের মোট বকেয়া বিলের পরিমাণ ৭ লাখ ৩৮ হাজার ৪৫৩ টাকা।

এ ছাড়া সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনটি বিদ্যুৎ মিটার অপসারণ করা হয়েছে। 

পূর্বধলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহিনুর আলম মৃধা বলেন, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং বকেয়া আদায় নিশ্চিত করতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত