কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ দুপুর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ভাষানকুড়া গ্রামে চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার অন্যতম আকর্ষণ ছিল কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা। খারনৈ ও লেঙ্গুরা ইউনিয়নের ১০টি গ্রাম থেকে আসা ৬১ জন কৃষক-কৃষাণী ২৫ ধরনের ধান ও শাকসবজির বীজ শুভ হালখাতা অনুষ্ঠানে জমা দেন। এর মাধ্যমে স্থানীয় ও দেশীয় জাতের বীজ সংরক্ষণ, পুনঃব্যবহার এবং কৃষকদের মধ্যে বীজ বিনিময়ের উদ্যোগ আরও জোরদার হয়।
এ উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় পিঠার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্টলে স্থানীয় কৃষি, দেশীয় বীজ, শাকসবজি এবং প্রাণবৈচিত্র্যের নানা উপকরণ প্রদর্শন করা হয়। মেলায় কৃষক-কৃষাণী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে দেশীয় বীজ সংরক্ষণ, প্রাণবৈচিত্র্য রক্ষা এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার গুরুত্ব নিয়ে মতবিনিময় হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বারসিকের কলমাকান্দা উপজেলা প্রোগ্রাম অফিসার গুঞ্জন রেমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার। আলোচনা সভায় বক্তব্য দেন বারসিকের প্রোগ্রাম অফিসার মো. আলমগীর এবং স্থানীয় ইউপি সদস্য সুরুজ মিয়া, মৌসুমি দাস, অঙ্গনা মানখিন, সুফলা হাজং, লক্ষী হাজং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্রিতা হাজং।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রিন কোয়ালিশন কলমাকান্দার সহ-সভাপতি বেনুকা ম্রং, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি আব্দুল মোতালিব, স্থানীয় কৃষক-কৃষাণী, নারী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মেলার আয়োজক ছিল কুমুদিনী ও জোনাকী নারী সংগঠন। সহযোগিতায় ছিল বারসিক, গ্রিন কোয়ালিশন এবং উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি।
আয়োজকরা জানান, কমিউনিটি বীজ ব্যাংকের মাধ্যমে স্থানীয় জাতের বীজ সংরক্ষণ ও কৃষকদের মধ্যে বিনিময়ের পাশাপাশি হারিয়ে যেতে বসা দেশীয় বীজ ও কৃষিজ বৈচিত্র্যকে টিকিয়ে রাখাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও কৃষক নেতৃত্বে বীজ সংরক্ষণ, প্রাণবৈচিত্র্য রক্ষা ও পরিবেশবান্ধব কৃষি চর্চা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।






_medium_1795666323.jpg)
