পূর্বধলায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ বিকাল

নেত্রকোণার পূর্বধলায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ের আয়োজন শেষ হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, পূর্বধলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা শুরু হয়।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁতার, দাবা, হ্যান্ডবল ও কাবাডি- এই চারটি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবল ও কাবাডি খেলায় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক। মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার ফয়জুন্নাহার লিজা, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো. বদরুজ্জামান, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।
এ সময় শালথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ বাবুল, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া, নারায়ণ ডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক তালুকদার, দেওটুকোন আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার, হোগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হীরা মিয়া, মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রতন খান, ধারা দাখিল মাদ্রাসার সুপার মো. হাবিবুর রহমান খান, খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সদর উদ্দিন এবং পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক, সহকারী শিক্ষক, বিজয়ী খেলোয়াড় ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জনকারী বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তিসহ বিভিন্ন ধরনের খারাপ নেশা থেকে দূরে রাখতে সহায়তা করে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।


_medium_1788677433.jpg)




