রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

পিয়াইম গণপাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৩ শিক্ষার্থীকে সম্মাননা


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গণপাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চলিত বছরের  এসএসসি পরীক্ষায় কৃতকার্য ১৩ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
 
শনিবার দুপুরে পিয়াইম গণপাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিয়াইম গ্রামের কৃতী সন্তান ও সাবেক যুগ্ম সচিব ড. প্রদীপ রায়হানের উদ্যোগে প্রতিষ্ঠিত এ গণপাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি আব্দুর রহমান নানু।
 
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি ও কথাসাহিত্যিক আখতারুজ্জামান চৌধুরী সুমন। পাঠাগারের সমাজকল্যাণ সম্পাদক ও শিক্ষক আব্দুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের এম এ ওয়াহিদ, পিয়াইন নাছির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনটিভি  ও আগামীর সময় পত্রিকার প্রতিনিধি জামাল মো. আবু নাছের, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট জসিম উদ্দিন এবং ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিয়ারিশ মিয়াসহ অনেকই। এছাড়া স্থানীয় শিক্ষক, সাহিত্যপ্রেমী, পাঠাগারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
 
বক্তারা বলেন, পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়; এটি জ্ঞান, মনন ও মানবিকতা চর্চার অন্যতম কেন্দ্র। একটি বই একজন মানুষের চিন্তা বদলে দিতে পারে, আর একটি পাঠাগার বদলে দিতে পারে একটি প্রজন্ম। তাই শিশু-কিশোর ও তরুণদের বইমুখী করতে পিয়াইম গণপাঠাগারের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
 
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য ১৩ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।
 
এ সময় পিয়াইম গণপাঠাগারের প্রয়াত সভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত