পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৮
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৭:১৬ বিকাল

নেত্রকোণার পূর্বধলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে অন্তত আটজন আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ৪ নম্বর জারিয়া ইউনিয়নের পূর্বধলা-জারিয়া সড়কের বোর্ডের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-চ-৫১-৮৫৯৪ নম্বরের মাইক্রোবাসটি বোর্ডের বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসে থাকা আটজন যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা হলেন- রোজা (৬ মাস), নাজমা (৩৫), মারিয়া (৩০), আফনান (১৩), বাবুল হোসেন (৩২), রমজান (৩২), হালিমা (৫০) ও মম (২৫)।
চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসা শেষে রোজা, নাজমা, মারিয়া, আফনান ও বাবুল হোসেনকে বাড়ি পাঠানো হয়। অপরদিকে গুরুতর আহত রমজান, হালিমা ও মমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।






_medium_1785418405.jpg)
