চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৫:৫৪ বিকাল

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, জাতীয় সংসদে উত্থাপিত মজুরি প্রস্তাব অবিলম্বে কার্যকর, শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্তভাবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তেলিয়াপাড়া চা বাগানে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক চা শ্রমিক, শিক্ষার্থী ও যুবক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন চা শ্রমিক নেতা গীতা রানি কানু।
বিক্ষোভে বক্তারা বলেন, চা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও চা শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান মজুরিতে একটি পরিবারের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়। তাই চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা অবিলম্বে কার্যকর করতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করে শ্রম অধিদপ্তরের প্রভাবমুক্ত পরিবেশে গঠনতন্ত্র সংশোধন এবং ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। এতে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তারা নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করতে পারবেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং দাবি আদায়ে স্লোগান দেন। তারা দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
গণবিক্ষোভের আয়োজন করে বাংলাদেশের সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকবৃন্দ।






_medium_1785418405.jpg)
