রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০১ আগস্ট ২০২৬, ০৪:৫২ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় রাস্তা পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৬ নম্বর পূর্বধলা ইউনিয়নের নয়াপাড়া (থানা রোড) এলাকায় বাবুলের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার প্রীতি উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। সে স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে প্রীতি মাদ্রাসায় যায়। ছুটি শেষে বাড়ি ফেরার পথে নয়াপাড়া (থানা রোড) এলাকায় রাস্তার অপর পাশে তার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। ধাক্কায় সে সড়কে পড়ে গেলে অটোরিকশার একটি চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়ে জ্ঞান হারায়।

স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে দুর্ঘটনার পর অটোরিকশাটি পালিয়ে যায় এবং চালকের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত