জনবান্ধব ভূমি সেবায় আস্থার প্রতীক জামালপুর সদরের এসিল্যান্ড তানভীর হায়দার
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ দুপুর

ভোগান্তি কমেছে, বেড়েছে সেবার গতি ও স্বচ্ছতা সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে হয়রানি ও দীর্ঘসূত্রতার অভিযোগ বহুদিনের। তবে ব্যতিক্রমও রয়েছে। সততা, দক্ষতা, জবাবদিহিতা এবং জনসেবার মানসিকতা দিয়ে সেই প্রচলিত ধারণা বদলে দিচ্ছেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার।
দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমি প্রশাসনে গতিশীলতা, স্বচ্ছতা ও সেবার মান বৃদ্ধির মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
২০২৪ সালের ১৯ ডিসেম্বর জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা। এরপর থেকে ভূমি অফিসের প্রশাসনিক কার্যক্রমে এসেছে দৃশ্যমান পরিবর্তন। সেবাপ্রার্থীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, ফাইল কার্যক্রমে গতি, নিয়মিত তদারকি এবং নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করার উদ্যোগে কমেছে জনভোগান্তি। একই সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের সন্তুষ্টি।
ভূমি অফিসে সেবা নিতে আসা অনেকেই জানান, বর্তমানে আগের তুলনায় সেবা পাওয়া সহজ হয়েছে। অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়া, সময়মতো ফাইল নিষ্পত্তি এবং আন্তরিক আচরণের কারণে সেবাগ্রহীতাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
কেন্দুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “বর্তমান সহকারী কমিশনার (ভূমি) অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তা। ইউনিয়নের ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যা তিনি গুরুত্বের সঙ্গে দেখেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেন। এতে সাধারণ মানুষের হয়রানি অনেক কমেছে।”দায়িত্ব পালনের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার বলেন, “সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। তাই মানুষের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। জামালপুর সদর উপজেলায় দায়িত্ব পালনকালীন কেউ যেন ভূমি সেবা নিতে এসে অযথা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কোথাও অনিয়ম বা অভিযোগের তথ্য পেলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া সেবার মান আরও উন্নত করা সম্ভব নয়। দায়িত্ব পালনে সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
সংশ্লিষ্টদের মতে, প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা এবং জনকল্যাণে আন্তরিক উদ্যোগের ফলে জামালপুর সদর ভূমি অফিসে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভূমি প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।







