মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন বৃদ্ধ, ভোরে পুকুরে মিলল মরদেহ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২০ জুলাই ২০২৬, ০১:৩৭ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া আব্দুল হামিদ (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের ঔটি বহুলী মধ্যপাড়া গ্রামে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত সদর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ব্যক্তিগত কিছু কেনাকাটার উদ্দেশ্যে বহুলী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আব্দুল হামিদ। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা ধারণা করেন, তিনি কোথাও বসে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখছেন।

সোমবার (২০ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বহুলী বাজার থেকে ফেরার পথে স্থানীয় বাসিন্দা আতিক মিয়া নাদিম মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে নিহতের ছেলে জজ মিয়া মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

খবর পেয়ে পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহতের ছেলে ও স্বজনরা জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এ ছাড়া তিনি চোখেও কম দেখতেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে বৃষ্টি ও অন্ধকারে চলাচলের সময় পা পিছলে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে।" তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত