মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় মেলা শেষের দুই মাস পরও দখলে হেলিপ্যাড মাঠ, ব্যাহত খেলাধুলা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২২ জুন ২০২৬, ০৮:১৫ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলার কার্যক্রম শেষ হওয়ার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি অপসারণ করা হয়নি মেলার বিভিন্ন স্থাপনা। ফলে উপজেলার অন্যতম প্রধান এই খেলার মাঠের একটি বড় অংশ দখল হয়ে থাকায় স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবক ও খেলোয়াড়রা নিয়মিত খেলাধুলা ও অনুশীলন থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলাটি গত ৮ এপ্রিল শুরু হয়ে ২০ এপ্রিল পর্যন্ত চলে। পরবর্তীতে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে সার্কাস ও গান-বাজনার কারণে ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরুর প্রাক্কালে উপজেলা প্রশাসন মেলাটির কার্যক্রম বন্ধ করে দেয়। তবে মেলা বন্ধের পর মাঠে নির্মিত বিভিন্ন অস্থায়ী অবকাঠামো ও স্থাপনা পুরোপুরি সরানো হয়নি। সম্প্রতি কিছু অংশ অপসারণ করা হলেও এখনো মাঠের প্রায় অর্ধেক জায়গা এসব স্থাপনার দখলে রয়েছে।

এ কারণে দীর্ঘদিন ধরে মাঠটি স্বাভাবিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এতে স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও যুবসমাজের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, মাঠটি অবরুদ্ধ থাকায় নিয়মিত খেলাধুলা, অনুশীলন ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রম ব্যাহত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রীড়া সংগঠক জানান, উপজেলা সদরের একমাত্র বড় উন্মুক্ত মাঠ হওয়ায় সারা বছর বিভিন্ন ক্রীড়া ক্লাব ও স্থানীয় তরুণরা এখানে নিয়মিত খেলাধুলা করে থাকে। তবে মেলার স্থাপনা নির্মাণের পর থেকে কয়েক মাস ধরে মাঠে খেলাধুলা কার্যত বন্ধ রয়েছে। তাদের অভিযোগ, প্রায় দুই মাস আগে মেলা শেষ হলেও এখনো পুরো স্থাপনা অপসারণ করা হয়নি। কিছু কাঠামো সরানো হলেও মাঠের একটি বড় অংশ এখনো মেলার অবশিষ্ট স্থাপনা দখল করে আছে। ফলে খেলাধুলার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং স্থানীয় তরুণদের ক্রীড়া চর্চা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত অবশিষ্ট স্থাপনা অপসারণ করে মাঠটি খেলাধুলার জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার দাবি জানান।

এ বিষয়ে মেলার আয়োজকদের একজন জয়নালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকটি ক্রীড়া ক্লাবের প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

জানতে চাইলে ইউএনও শফিকুল ইসলাম বলেন, “মেলার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে দ্রুত অবশিষ্ট স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত উদ্যোগে হেলিপ্যাড মাঠটি সম্পূর্ণ দখলমুক্ত হবে এবং আবারও খেলাধুলা ও জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত