জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো সাংবাদিকের হারানো মোবাইল ও টাকা
মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১২:১১ দুপুর

নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি মো. শামছুল হকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, সম্প্রতি মো. শামছুল হক তার ব্যবহৃত মোবাইল ফোন ও কিছু নগদ টাকা হারিয়ে ফেলেন। বিষয়টি নেত্রকোণা জেলা পুলিশকে অবহিত করা হলে পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
তদন্ত ও অনুসন্ধানের একপর্যায়ে এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হারানো মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় মো. শামছুল হক নেত্রকোণা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু জেলা পুলিশের আন্তরিকতা, পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের কারণে আমি আমার সম্পদ ফিরে পেয়েছি। এজন্য পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, এএসআই আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
স্থানীয় সচেতন মহলের মতে, হারানো সম্পদ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার মতো জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে নেত্রকোণা জেলা পুলিশ সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।






_medium_1782122332.jpg)
