মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু কাল, পূর্বধলায় আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১৬ জুন ২০২৬, ০৭:৪৮ বিকাল

আগামীকাল বুধবার (১৭ জুন) সকাল ৭টায় নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন ২০২৬ শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দল আলজেরিয়া। এ ম্যাচকে ঘিরে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

প্রিয় দলের প্রথম ম্যাচ উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রামে ইতোমধ্যে টানানো হয়েছে আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও ফেস্টুন। রাস্তার মোড় থেকে শুরু করে বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফুটবলপ্রেমীরা নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করছেন। পাশাপাশি বড় পর্দায় খেলা উপভোগের জন্য বিভিন্ন স্থানে প্রজেক্টর ও এলইডি স্ক্রিনেরও ব্যবস্থা করা হয়েছে।

আর্জেন্টিনা সমর্থক উপজেলা সদরের রৌশনারা রোডের লিমন, তালহা ও রাফা জানান, প্রথম ম্যাচকে সামনে রেখে তারা জার্সি সংগ্রহের পাশাপাশি এলাকায় পতাকা ও ব্যানার টানিয়েছেন। তাদের বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বে তারকাসমৃদ্ধ আর্জেন্টিনা জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে।

তারা বলেন, “আমরা অধীর আগ্রহে ম্যাচের অপেক্ষায় আছি। মেসি ও দলের অন্য খেলোয়াড়দের নৈপুণ্যে আর্জেন্টিনা শতভাগ জয় নিয়েই মাঠ ছাড়বে বলে আমাদের প্রত্যাশা।”

ফুটবলপ্রেমীদের মতে, বিশ্বকাপের প্রতিটি আসরের মতো এবারও আর্জেন্টিনাকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলের মতো পূর্বধলাতেও তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রিয় দলের প্রথম ম্যাচ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত