মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

জামালপুরে ব্র্যাক কর্তৃক নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৬ জুন ২০২৬, ০৫:৫৩ বিকাল

মঙ্গলবার ১৬ জুন সকালে  জামালপুর শহরের দাপুনিয়া ব্র্যাক রিজিওনাল অফিসের সভাকক্ষে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (GJD) কর্মসূচির উদ্যোগে “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়লগ” অনুষ্ঠিত হয়েছে।
 
জামালপুর শহরের দাপুনিয়া ব্র্যাক রিজিওনাল অফিসের সভাকক্ষে আয়োজিত এ ডায়লগে ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা  নির্বাহী অফিসার নাজনীন আখতার।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুরের উপপরিচালক কামরুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, জামালপুর সদর থানার ইন্সপেক্টর কামাল হোসেন, বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি সাংবাদিক শুভ্র মেহেদী, চ্যানেল ওয়ান টেলিভিশন এর সাংবাদিক তানভীর আহমেদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম।
 
এছাড়াও উপস্থিত ছিলেন  বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, সমাজকর্মী এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিগন।
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (GJD) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জহিরুল আকন্দ। তিনি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বর্তমান চিত্র, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং প্রতিরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
 
আলোচনায় বক্তারা নারী ও কন্যাশিশুর সুরক্ষায় বিদ্যমান আইনসমূহের কার্যকর প্রয়োগ, মাঠপর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, মামলা ব্যবস্থাপনা ও দ্রুত বিচার কার্যক্রম জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক মানসিকতার বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করার আহ্বান জানান।
 
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  নাজনীন আখতার বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি সহিংসতামুক্ত সমাজ গঠনে সকল অংশীজনকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
 
ডায়লগে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত