বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৮ মার্চ ২০২৬, ০৮:৫১ রাত

নেত্রকোনার পূর্বধলায় খলিশাউড় ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য একত্রিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে রেজুলেশন জালিয়াতি, উন্নয়ন তহবিল আত্মসাত ও ক্ষমতার অপব্যবহারের মতো নানা অনিয়মের কথা বলা হয়েছে।

অভিযোগপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, চেয়ারম্যান পরিষদের অনুমোদন ছাড়া ১% স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য ৬ লাখ টাকা নেওয়া এবং ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন তহবিলের ৫ লাখ টাকা ঠিকাদারদের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন তহবিলের ৭ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার প্রকল্প তালিকা পরিষদের অনুমোদন ছাড়া জমা দেওয়া হয়েছে।

ভিজিডি (VGD) কর্মসূচির সুবিধাভোগীদের চাল নিজের জিম্মায় রাখা, খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় স্বজনপ্রীতি, রোহিঙ্গা নাগরিকদের অবৈধ জন্মনিবন্ধন বা অন্যান্য সনদ প্রদান এবং মাতৃত্বকালীন ভাতায় একক সিদ্ধান্ত নেওয়াসহ আরও নানা অভিযোগও উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে ইউপি সদস্যরা জানিয়েছেন, প্যানেল চেয়ারম্যান এককভাবে সব কার্যক্রম পরিচালনা করছেন। এর ফলে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং স্থানীয় উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তারা বর্তমান ১নং প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে ২নং প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া জানান, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও একটি চক্রের ষড়যন্ত্র। তিনি দাবি করেন উন্নয়ন কাজের জন্য একাধিকবার পুরস্কৃত হয়েছেন এবং সব কাজ নিয়ম মেনেই করা হয়েছে। তিনি বলেন তাকে পদ থেকে সরাতেই অন্য সদস্যদের ভুল বুঝিয়ে এই গণস্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি যেকোনো ধরণের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানান।

​অভিযোগপত্রটি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এর অনুলিপি জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং পূর্বধলা প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

স্থানীয়রা আশা করছেন, প্রশাসন অভিযোগের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে এবং ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক হবে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত