বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

আলমডাঙ্গা পৌর পশুহাটের নির্মাণকাজ পরিদর্শন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল 


  মো: মিনারুল ইসলাম

প্রকাশ :  ০৩ মার্চ ২০২৬, ১২:৫৯ দুপুর

চুয়াডাঙ্গা জেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলমডাঙ্গা পৌর পশুহাটকে একটি আধুনিক ও স্মার্ট হাটে রূপান্তর করার লক্ষ্যে চলমান উন্নয়ন ও নির্মাণকাজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
 
সোমবার দুপুর ১২ টার দিকে তিনি নির্মাণাধীন প্রকল্প এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তিনি কাজের গুণগত মান, অগ্রগতির হার এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও নিখুঁতভাবে কাজ শেষ করার নির্দেশ দেন।
 
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান পৌর প্রশাসক পান্না আক্তার। তিনি এমপিকে প্রকল্পের বিস্তারিত কারিগরি দিক এবং বর্তমান অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
 
পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন,"আলমডাঙ্গা পৌর পশুহাট এ অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র। সরকার এই হাটকে একটি আধুনিক ও সুশৃঙ্খল বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে বদ্ধপরিকর। অবকাঠামো উন্নত হলে এখানে ক্রেতা-বিক্রেতারা একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ পাবেন, যা পরোক্ষভাবে সরকারের রাজস্ব আয় বাড়াতে এবং স্থানীয় অর্থনীতিকে আরও চাঙ্গা করতে বড় ভূমিকা রাখবে।"
 
কাজের মানের বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "জনগণের অর্থে বাস্তবায়িত এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ঠিকাদার এবং প্রকৌশলীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।"
 
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত