শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের কর্মপরিকল্পনা সভা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৫ জুন ২০২৬, ০৫:১০ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা (ইন্টারফেস মিটিং) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে সিভিএ (CVA) ওয়ার্কিং গ্রুপ, পূর্বধলা। এতে সহযোগিতা করে পূর্বধলা এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন। 

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নান্দাইল এপিসিও ও সিনিয়র ম্যানেজার কাজল আলফন্স দ্রং।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পুষ্টি ও ওয়াশ টেকনিক্যাল স্পেশালিস্ট ডা. শাহ সাঈদ ইবনে আব্দুল আজিজ, স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমান, প্রোগ্রাম অফিসার তাপসী রংমা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিএ ওয়ার্কিং কমিটির সদস্য সারোয়ার জাহান রাসেল।

সভায় জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন কমিউনিটি ক্লিনিক প্রকল্প যৌথভাবে পূর্বধলা উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (CVA)’ নামের অ্যাডভোকেসি টুল ব্যবহার করে স্থানীয় জনগণের অংশগ্রহণে কমিউনিটি ক্লিনিকগুলোর শক্তি, দুর্বলতা ও উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।

এসব তথ্যের ভিত্তিতে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন ও সমস্যার সমাধানে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ যৌথ পরিকল্পনা কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলার পাঁচটি কমিউনিটি ক্লিনিক অংশগ্রহণ করে। এগুলো হলো-বৈরাটি ইউনিয়নের ব্রাহ্মণ কড়েহা কমিউনিটি ক্লিনিক, নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি কমিউনিটি ক্লিনিক, গোহালাকান্দা ইউনিয়নের বাদে বাড়েঙ্গা কমিউনিটি ক্লিনিক, খালশাউড় ইউনিয়নের পাবই কমিউনিটি ক্লিনিক এবং ধলামূলগাঁও ইউনিয়নের দেবকান্দা কমিউনিটি ক্লিনিক।

এ সময় সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকগুলোর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী (এইচএ), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) এবং স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণ ও সংশ্লিষ্ট সেবাদাতাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা সহজলভ্য ও কার্যকর করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত