শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ব্র্যাকের আয়োজনে ভার্মি কম্পোস্ট ও মাছ চাষ বিষয়ক কর্মশালা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৫ জুন ২০২৬, ০৪:১৫ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় প্রান্তিক কৃষক ও মাছ চাষিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভার্মি কম্পোস্ট উৎপাদন ও মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ এবং উপকরণ বিতরণ করেছে ব্র্যাক।

বৃহস্পতিবার (২৫ জুন) পূর্বধলা ব্র্যাক এরিয়া অফিসে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের কৌশল, এর ব্যবহার ও উপকারিতা এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন বিষয় নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) পূর্বধলার এলাকা ব্যবস্থাপক সাদেকুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. শফিউল্লাহ এবং ময়মনসিংহ অঞ্চলের সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

প্রশিক্ষণে ১৪ জন মাছ চাষি অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে তাদের ভার্মি কম্পোস্ট উৎপাদন ও মাছ চাষ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়া এর আগে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, কৃষি ও মৎস্য খাতে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত