পথচারীকে চাপা দিয়ে পরিবহন ঢুকলো এতিমখানায়
আরবান ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ সকাল

যশোরের কেশবপুরে এক নারীকে চাপা দিয়ে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঢুকে পড়লো একটি পরিবহন। শুক্রবার সকালে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে পরিবহনে চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই রোকেয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত রোকেয়া বেগম মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম। হাইওয়ে পুলিশ পরিবহনটি আটক করেছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ৬টার দিকে যশোরগামী একটি যাত্রীবিহীন পরিবহন উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে পৌছালে পরিবহনটি রাস্তার বাম পাশে থাকা পথচারী মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া বেগমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় পরিবহনটি রাস্তার ডানপাশের মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ভবনের সামনের অংশে ভেঙ্গে ঢুকে পড়ে। এতে পরিবহনের হেলপার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সোদ্দিগ্রামের মানিক ফকির (৪২) ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সড়ক দুর্ঘটনার পরপরই পরিবহনের অজ্ঞাতনামা ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ গোলাম মোস্তফা বলেন, ‘ফজরের নামাজের পর ওই নারী হাটতে বের হলে পরিবহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান। পরিবহনটি আমাদের প্রতিষ্ঠানের সামনের অংশে ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ায় বেশ ক্ষতি হয়েছে। আমাদের কোন সমস্যা হয়নি’।
এ ব্যাপারে খুলনার খর্ণিয়া হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মুন্সি হাসান পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিবহনটি আটক করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


_medium_1788581198.jpg)




